সাটুরিয়ায় মাস্ক পরলে ফুল, না থাকলে জরিমানা

মাস্ক পরা ব্যক্তিকে ফুল আর মাস্কবিহীন ব্যক্তিকে অর্থদ- দিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি জেলার অন্যতম বৃহৎ সাটুরিয়া সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হাট-বাজারে অভিযানে নামেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে আসা মাস্ক পরিহিত ক্রেতা-বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সাথে তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক।

অপরদিকে, যারা হাটে-বাজারে মাস্কবিহীন চলাফেরা করছেন, তাদের জরিমানা করা হচ্ছে। অভিযানে সাতজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করার জন্যই এমন উদ্যোগে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে তাকে সহযোগিতা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা।

ক্যাপশন: মানিকগঞ্জের সাটুরিয়া হাটে গতকাল মাস্ক পরিহিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)