ইউরোপের উন্নত অর্থনীতির দেশ ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রত্যাশার তুলনায় কম। এ বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা আলোচনা করেছেন। ওই আলোচনায় উভয় দেশের বাণিজ্য এবং বাংলাদেশে ফিনল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর ইতিবাচক পরিবেশের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। ফিনল্যান্ডের ব্যবসায়ীরাও এখানে বিনিয়োগ তথা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন। গত বুধবার ‘চলমান করোনাভাইরাস অতিমারী এবং এর পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে দুই দেশের ব্যবসায়ী নেতাদের আলোচনায় এসব ইস্যু উঠে আসে।
এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে এখানে কয়েকটি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ফিনল্যান্ড চেম্বার অব কমার্সের (এফসিসি) প্রেসিডেন্ট জুহো রোমাক্কানিয়েমি বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর সুবিধা রয়েছে বলে মত দেন।
২০১৮-১৯ অর্থবছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। সর্বশেষ গত অর্থবছর তা ৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৬ লাখ ডলারে। এর মধ্যে আমদানির পরিমাণ ছিল ১৩ কোটি ডলারের বেশি।