নওগাঁ সদর উপজেলায় পরকীয়ার জেরে তোফাজ্জল হোসেন ওরফে ছকু (৩৬) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার স্বজনরা বলছেন, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুবলহাটি ইউনিয়নের হাড়িয়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। তোফাজ্জল হাড়িয়াগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্বজন ও পুলিশ জানায়, বেশকিছু দিন ধরে তোফাজ্জলের সঙ্গে এক বিবাহিত নারীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনের রাস্তা থেকে দিলদার হোসেন ও সোহেল রানাসহ কয়েকজন মিলে ধরে নিয়ে যায়। এরপর তাকে দীর্ঘ সময় ধরে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। পরে তোফাজ্জলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে নওগাঁ সদর থানার খবর দেয় তারা। রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তোফাজ্জলকে গুরুতর আহত অবস্থায় দেখে তার পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পরে তাকে বাড়িতে আনা হয়। পরদিন রাত ১টায় তার মৃত্যু হয়।
সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন দেশ রূপান্তরকে বলেন, তোফাজ্জল হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।