নব্যসংকটের জন্য ড্রেজিং আর ফেরি চলাচলের চ্যানেলে মাছ ধরার জাল ফেলায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। সর্বশেষ খবর অনুযায়ী পাঁচ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
সাপ্তাহিক ছুটির দিনে এই নৌরুটে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। ফলে গতকাল শুক্রবার দিনভর পাটুরিয়া প্রান্তে যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাটুরিয়ার দুই টার্মিনাল ও সড়কে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাস মিলে শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।
জিল্লুর রহমান আরও বলেন, শুক্রবার সকালে নদীতে ড্রেজিং আর ফেরি চলাচলের চ্যানেলে জেলেরা মাছ ধরার জাল ফেলায় ফেরির ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পাখা থেকে জাল কাটার সময় আরও ফেরি চলাচল ব্যাহত হয়। কিন্তু সেটা দুপুরের মধ্যে শেষ হলেও এর রেশ থেকে যায় সারা দিন।