ভার্চুয়াল সভায় তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিবের স্ববিরোধী বক্তব্যের কারণ খোঁজা প্রয়োজন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব একবার বলছেন সরকার নাকি একদলীয় আচরণ করছে, আবার বলছেন দেশে সরকার আছে কি না তা বোঝা যাচ্ছে না তার এমন স্ববিরোধী অসংলগ্ন বক্তব্যের কারণ খোঁজা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় সমসাময়িক প্রসঙ্গে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও জনতার প্রত্যাশা যৌথভাবে এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, করোনাকালেও দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির ফলে এ বছর বিশ্বের হাতেগোনা মাত্র কয়েকটি ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির দেশের অন্যতম হওয়ায় দেশ ও বিশ্ববাসী আমাদের প্রশংসা করছে।

তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সুস্থ থাকেন, সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে বিএনপিকে তাদের মহাসচিবের অসংলগ্ন বক্তব্যের কারণ বের করার অনুরোধ জানান।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্মোহ সদালাপী এ মানুষটি জননেত্রী শেখ হাসিনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে যখন আওয়ামী লীগের হাজারও নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছিল, তখন শওকত আলী অত্যন্ত সোচ্চার ছিলেন। নতুন প্রজন্মের রাজনীতিকদের কাছে অনুকরণীয় এ ব্যক্তিত্বের মৃত্যু শুধু দলের নয়, সমগ্র দেশের রাজনীতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।

জনতার প্রত্যাশা সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসাইন, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।