ইউপি চেয়ারম্যানের পায়ের রগ কেটে হত্যাচেষ্টা

বরগুনার বেতাগীতে ইমাম হাসান শিপন জমাদ্দার নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শিপনের দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কালিকাবাড়ি বাজারে তার ওপর হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারসংলগ্ন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান শিপন। কালিকাবাড়ি বাজারে পৌঁছলে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইউপি চেয়ারম্যান শিপনের শ্যালক উজ্জ্বল জানান, নির্বাচনী শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. তারেক হাসান বলেন, আহত ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জখম হয়েছে তার ডান হাতে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনেই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচনকেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। সন্দেহভাজনদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি শাখাওয়াত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সরিষামুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ শরীফের সঙ্গে ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয় শিপনের। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা নেতাদের উপস্থিতিতে শিপনের নেতৃত্বে ইউসুফ শরীফের ওপর হামলা হয়। পরে বেতাগীতে একটি সভায় ইউসুফকে আবারও লাঞ্ছিত করেন শিপন। এ ঘটনার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা তাদের।