নওগাঁর ধামইরহাটে সরকারি এম.এম কলেজের এইচএসসি ২০১৯-২০ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার মীম হত্যার অভিযোগ তুলে ও প্রকৃত দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলকাবাসী।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৃত তানিয়া আক্তার মিম ধামইরহাট সরকারি এম.এম কলেজের এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী। তিনি পত্নীতলা ইসলামীয়া ডিজিটলি ডায়াগনস্টিক সেন্টারে এক বছর ধরে নার্সের দায়িত্ব পালন করছিলেন।
গত বুধবার সকালে ওই ক্লিনিকের এক্স-রে রুমের পাশের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত তানিয়ার মা বাদী হয়ে পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদের মামলা নেয়নি বলে অভিযোগ তাদের।
আজকের মানববন্ধনে ধামইরহাট সরকারি এম.এম কলেজের ও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষাথীরা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে নিহতের মা শম্পা আক্তার বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। এ সময় তিনি এই মানববন্ধনের মাধ্যমে
প্রশাসনের কাছে তার মেয়েকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।