কাঠালতলী-বাকেরগঞ্জ সড়কের রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ খান (২৬) ও আফ্রেদী (২০) নামের চাচা-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত চাচা-ভাতিজাকে অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদ খানকে মৃত ঘোষণা করেন এবং আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।
গুরুতর আহত ভাতিজা আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্স করে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আফ্রেদী মারা যান।
নিহত মোটরসাইকেল চালক চাচা মাসুদ খান ও ভাতিজা আফ্রেদীর গ্রামের বাড়ি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় সংলগ্ন এলাকায়। মাসুদ খানের বাবার নাম মোশারফ খান ও আফ্রেদীর বাবার নাম রব খান।