বাফার গুদাম নির্মাণ দ্রুত শেষ করার নির্দেশ

সারের মজুদ সক্ষমতা বৃদ্ধির জন্য নির্মাণাধীন বাফার গোডাউনগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি গুদামজাত সার যাতে কোনো অপচয় ও নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। গতকাল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। কামাল মজুমদার আরও বলেন, সারের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে বিসিআইসির অনুকূলে বরাদ্দ প্রদান করা হয় সে জন্য শিল্প মন্ত্রণালয় কাজ করছে। শিল্প কারখানাগুলোর আধুনিকায়ন ও মেরামতের পাশাপাশি পুরনো জরাজীর্ণ কারখানায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন উচ্চ উৎপাদনশীল ও পরিবেশবান্ধব নতুন শিল্প কারখানা স্থাপনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ জন্য বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

শিল্প প্রতিমন্ত্রী করোনার এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখায় বিসিআইসি কর্তৃপক্ষসহ কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানান ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কারখানা নিয়মিত মেরামত করা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকদের সব সময় তৎপর থাকতে অনুরোধ করেন। প্রতিমন্ত্রী কারখানার উন্নয়নে ট্রেড ইউনিয়নের নেতাদের বেশি কাজ করার পরামর্শ দিয়ে বলেন, ট্রেড ইউনিয়নের নেতারা নিয়মিত কাজ করলে কারখানার অন্যান্য শ্রমিকও কাজ করতে উৎসাহিত হবেন।

প্রতিমন্ত্রী শিল্প কারখানাগুলোকে লাভজনক করার জন্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ দেন।