মুক্তিযোদ্ধা শেখ বদরোদ্দৌজার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ মো. ওমর ফারুকের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ মো. বদরোদ্দৌজা (৮০) মারা গেছেন।

শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রামগঞ্জ পৌর শহরের রতনপুরস্থ একটি ভাড়া বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

রবিবার সকাল ১০টায় মরহুমের প্রথম জানাজার নামাজ রামগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ঈদগাঁ মাঠে ও ২য় জানাজা মরহুমের নিজ বাড়ী পৌর জগতপুর গ্রামের শেখের বাড়ীতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

জানাজার নামাজের পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. বদরোদ্দৌজার কফিনে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।

মৃত্যুকালে শেখ মো. বদরোদ্দৌজা স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে পৃথক পৃথক শোক প্রস্তাব করে লিখিত বক্তব্য প্রেরণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সভাপতি ড. মামুন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ গভীর শোক প্রকাশ করেন রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ, লক্ষ্মীপুর জেলা বিএনপি, রামগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা।