অতিরিক্ত মদ্যপানে খুলনার পাইকগাছায় এক ছাত্রলীগকর্মীর মৃত্যুসহ আরো দুজন অসুস্থ হয়েছেন। এ ছাড়া গুরুতর অসুস্থ আরো দুজন।
জানা যায়, শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যান ছাত্রলীগের এক নেতা ও দুই কর্মী। তারা হলেন, খড়িয়া গ্রামের বিকাশ চন্দ্র হালদারের ছেলে ছাত্রলীগকর্মী নবদ্বীপ হালদার (২৪), পৌরসভার সরল গ্রামের অনুকুল ব্যানার্জীর ছেলে ছাত্রলীগকর্মী নব কুমার ব্যানার্জী (২২) ও একই গ্রামের সুকুমার চক্রবর্তীর ছেলে জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী (৩০)। দাওয়াত খেয়ে ফেরার পথে অতিরিক্ত মদ পানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা।
পাইকগাছায় পৌঁছানোর পর তাদের অবস্থা গুরুতর হলে রাতেই পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু, ইফতিখার বিন রাজ্জাক ও সঞ্জয় মন্ডল তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রবিবার খুলনায় যাওয়ার সময় পথিমধ্যে নবদ্বীপ মারা যান। নবকুমার ও পার্থ গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পার্থ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এবং নবদ্বীপ ও নবকুমার ছাত্রলীগের সক্রীয় কর্মী বলে জানা যায়। পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, মৃতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।