ইমরানের পুতুল সরকারের পতনের ডাক বিরোধীদের

পাকিস্তানের বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জারি রেখে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখছে। তাদের অভিযোগ, ২০১৮ সালে সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন তিনি। গতকাল রবিবার পেশোয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর অংশগ্রহণে ইমরানের ‘পুতুল সরকারের’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে বিবিসি।

১৬ অক্টোবর থেকে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) একের পর এক বিক্ষোভ আয়োজন করেছে। দক্ষিণপন্থি ধর্মীয় দল থেকে শুরু করে কিছুটা বামপন্থি চিন্তাধারার দল, এমনকি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দলের সদস্যরাও এই দলের সঙ্গে যুক্ত। দেশটির চারটি রাজ্যের তিনটিতেই পাঞ্জাব, সিন্ধু ও বালুচিস্তান বড় ধরনের মিছিল-সমাবেশ হয়েছে। খাইবার পাখতুনওয়ালা রাজ্যে রবিবারেই প্রথমবারের মতো সরকারবিরোধী সমাবেশ হতে যাচ্ছে।