কোহলির পিতৃকালিন ছুটিকে বিলাসিতা বলছেন কপিল

অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলির দেশে ফিরে আসা নিয়ে এবার মুখ খুললেন কপিল দেব। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ পুরো খেললেও টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পিতৃকালীন ছুটিতে দেশে ফিরছেন ভারত অধিনায়ক। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

কোহলির এই ফিরে আসাকে বিলাসিতা বলেই মনে করছেন কপিল। তিনি বলছেন, তাদের সময়ে এই ধরনের বিলাসিতা দেখানোর সুযোগই ছিল না।

কপিল আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দেশের হয়ে খেলতে গিয়ে মাসের পর মাস গাভাস্কার নিজের সন্তানের মুখই দেখতে পারেননি।

কপিল এও জানাতে ভোলেননি যে অতীতে বাবার মৃত্যুর পরের দিনই খেলতে নেমে পড়েছিলেন কোহলি। তবে তার মতে, এখন সময় বদলেছে এবং এখন এইসব কাজ হয়তো করা যায়।

কপিল জানান এখন চাইলে তিন দিনের মধ্যে যাতায়াত করা যেত, কিন্তু তা না করে এত গুরুত্বপূর্ণ সফরের তিনটি টেস্ট থেকেই সরে দাঁড়িয়েছেন কোহলি।

অস্ট্রেলিয়া সফর দিয়েই দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে সমর্থকদের মনে উত্তেজনা তুঙ্গে। এমন অবস্থায় ভারত অধিনায়কের ফিরে আসা নিয়ে মুখ খুলেছেন ভারত ও অস্ট্রেলিয়ার অনেক সাবেক ক্রিকেটারই। সরাসরি অভিযোগ না করলেও কোহলির অভাব যে অনুভূত হবে তা জানিয়েছেন গাভাস্কার থেকে লক্ষ্মণ, হরভজন সিংরা।