হাই-টেক পার্কের ওএসএস সেবার পরিধি বাড়ছে

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন নতুন সেবা যুক্ত করার লক্ষ্যে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের মধ্যে একটি সমঝোতা চুক্তি করেছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের হাই-টেক পার্ক কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের পক্ষে প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওএসএস পোর্টালের সঙ্গে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইই) অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) সিস্টেম ইন্টিগ্রেশনের কার্যক্রম শুরু করা হবে। এতে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমেই সিসিআইইর সেবাগুলো নিতে পারবেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জানায়, ওএসএস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো থেকে মানসম্পন্ন ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। বিনিয়োগকারীরা কোনোরকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা নেওয়ার সুযোগ পাবেন, যা দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। অনলাইনে প্রদানযোগ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওএসএসের আওতায় আনা হবে।