ডিসিসিআই ও নর্দার্ন ইউনিভার্সিটি সমঝোতা

দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষা খাতে একসঙ্গে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের বনানীর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্যিক আলোচনা সভার আয়োজন করবে। এ ছাড়া নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুবিধা দেবে ডিসিসিআই। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি একটি অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে গবেষণা পরিচালনার পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উভয়পক্ষ।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ‘ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট (ডিবিআই)’ প্রতিষ্ঠা করা হয়েছে। শিল্প খাতের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরিতে দেশের বিশ্ববিদ্যালয় এবং শিল্প খাতের প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের সমুদ্র অর্থনীতি, অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং অত্যন্ত সম্ভাবনাময় খাত, তবে খাতগুলোর বিকাশে প্রয়োজনীয় মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়সমূহের পাঠ্যক্রম যুগোপযোগী করা প্রয়োজন।