বুড়িমারীতে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে পুড়িয়ে হত্যার ঘটনায় আবু কালাম ওরফে গামছা কালাম (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দায়েরকৃত তিন মামলায় মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা (ডিবি)।

জানা গেছে, গত শনিবার পাটগ্রামের বামনদল এলাকা থেকে আবু কালামকে গ্রেপ্তার করে রবিবার সকালে লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। কালাম পাটগ্রাম উপজেলার বামনদল এলাকার পরমদ্দিন ওরফে পাতলা দেওয়ানীর ছেলে। অন্যদিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রাসেল ইসলাম রাজ ওরফে বিশুকে (২২) পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার লালমনিরহাটের

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) আদালতের বিচারক ফেরদৌসী বেগম ওই রিমান্ড আদেশ দেন। জুয়েল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মাহমুদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।