সিরাজগঞ্জ আ.লীগের সভাপতি সম্পাদককে অব্যাহতি

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে জেলা সহসভাপতি কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রবিবার দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়াদের মধ্যে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। আর অধ্যাপক হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ এবং সাবেক মন্ত্রী ও ফরিদপুরের প্রভাবশালী সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের জামাতা। তাদের অব্যাহতির চিঠিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সহসভাপতি কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে চিঠিতে আব্দুল লতিফ বিশ্বাস ও হাবিবে মিল্লাত মুন্নাকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিটি হাতে পেয়েছি। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমার জানা নেই।’