সব নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের অধীন সাইবার ইন্সিডেন্স রেসপন্স টিম (সিআইআরটি) গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও ডাটা সুরক্ষায় কাজ করতে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সোমবার নিরাপদ তথ্য সেবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এর সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সার্ভিস সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় ডেটা সাইনটিষ্ট তৈরির জন্যও আইসিটি বিভাগ কাজ করছে। প্রযুক্তি কল্যাণে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সরকারের বিভিন্ন সার্ভিস বাড়ছে। বর্তমানে সরকারের ন্যাশনাল পোর্টালে ৪৩ হাজার ওয়েব সাইট রয়েছে। এগুলো ডেটা সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে। মাইগভ মোবাইল অ্যাপ্লিকেশনে ৬৪০টির বেশি সার্ভিস দেয়া হচ্ছে। কভিড মহামারির সময় সবকিছু বন্ধ থাকার পরেও ৮ মাসে ১০ লাখের বেশি ই-নথি সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে। তথ্যের ব্যবহার ও সংরক্ষণের চাহিদা মেটানোর পাশাপাশি এর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
চুক্তিতে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মো. সাইদুল আলম স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকে নব নিযুক্ত ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান প্রমুখ।