ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমার বিস্ফোরণ ঘটানোর মামলায় বিএনপির আরও ৮০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’ এর আগে ১৮ নভেম্বর হাইকোর্টে আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র রায়সহ দলটির কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মী।
১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোট চলাকালে একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়। আইনজীবীরা জানান, বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ-বিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহাগর ও সহযোগী সংগঠনের ৬৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।