রানা প্লাজা ট্র্যাজেডি

দুর্নীতির মামলায় রানার জামিন স্থগিত বাতিল প্রশ্নে রুল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাভারে ধসে পড়া ‘রানা প্লাজা’র মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছে উচ্চ আদালত। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জামিনের আদেশ স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।  গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, এ মামলায় করোনাকালীন গত ১৭ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ ভার্চুয়াল শুনানি শেষে সোহেল রানাকে জামিন দেয়। এরপর জামিনের আদেশটি বাতিল চেয়ে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করে দুদক। শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গত ৮ জুন এক আদেশে নিয়মিত আদালত খোলা পর্যন্ত বিচারিক আদালতের ওই আদেশটি স্থগিত করে। এরই ধারাবাহিকতায় গতকাল রুলসহ এ আদেশ আসে।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন। আহত হন দুই হাজারের বেশি মানুষ। চির জীবনের জন্য পঙ্গু হয়ে যান অনেকে। হতাহতদের বেশিরভাগই খেটে খাওয়া শ্রমিক। এ ঘটনার পর সোহেল রানার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করে দুদক। মামলায় রানার বিরুদ্ধে দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় উল্লেখ করা হয়। প্রসঙ্গত, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুদকের একটি মামলায় গত বছরের ২৯ মার্চ সোহেল রানাকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এক রায়ে তিন বছরের কারাদ-, ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে তিন মাসের কারাদ- দেয়। অন্য মামলাগুলো বিচারাধীন।