৮২ দিনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের ক্রমান্বয়ে বাড়ছে। নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার উভয়ই ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এক দিনে শনাক্তের এই সংখ্যা ৮২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। এদিন পরীক্ষা হয়েছে ১৬ হাজারের কিছু বেশি। এসব পরীক্ষায় ১৫ দশমিক ০৬ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে, যা ৭৯ দিনের মধ্যে সর্বোচ্চ। গত ৫ সেপ্টেম্বরের পর গতকালই প্রথমবারের মত শনাক্তের হার ১৫ শতাংশের ওপরে উঠেছে। এক সপ্তাহ ধরেই শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে। প্রতিদিনই আগের দিনের শনাক্তের হারকে পেছনে ফেলছে। এদিকে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এদিন মৃতদের মধ্যে ২১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা এবং ২৬ জনের বয়স পঞ্চাশোর্ধ। এ নিয়ে দেশে মৃত্যু ৬ হাজার ৪০০ ছাড়িয়েছে।

গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৬১তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত) ১৬ হাজার ২৪০টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৫৯টি। এসব পরীক্ষায় ২ হাজার ৪১৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ০৬ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৮ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৮৩ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৪১৬ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৬ দশমিক ৮৮ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৩ ও সুস্থতার হার ৮১ দশমিক ০৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ ও নারী ৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২ ও সিলেটে ১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ২১, ৫১-৬০ বছরের ৫ এবং ৪১-৫০ বছরের ছিল ২ জন। ২৮ জনের সবাই হাসপাতালে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৩০ ও নারী ১ হাজার ৪৮৬ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৮৪ ও নারী ২৩ দশমিক ১৬ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৩৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ২৩৮, খুলনায় ৪৮৮, রাজশাহীতে ৩৯১, রংপুরে ২৯১, সিলেটে ২৬৩, বরিশালে ২১৫ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১৩২ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৯ রোগীকে আইসোলেশনে ও ৯৯০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ৪৭৪ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৯৮৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪০ হাজার ৯৫৮টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪২৮টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৯১২টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৫৫টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৫৬টি।