কিশোরগঞ্জের ভৈরবে মাদক আত্মসাতের অভিযোগে পুলিশের এসআই হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (পিপিএম বার) তাকে প্রত্যাহার করেন। এই প্রত্যাহারের বিষয়টি ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন স্বীকার করেন।
জানা যায়, সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী করে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন পুলিশের এই উপ-পরিদর্শক। সেটি তিনি থানায় জমা না দিয়ে গোপণ করেন। পুলিশ সুপার গোপন সূত্রে এ খবরটি জেনে যান। তৎক্ষণিক থানার ওসিকে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এরপর ওই এসআই দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় একটি জিডি করেন।
উদ্ধারকৃত গাঁজা আত্মসাত করা উদ্যশ্যে ছিল এসআই হানিফ সরকারের-বিভিন্ন সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত হয়ে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, পুলিশ অপরাধ করলে ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে।