কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কমনওয়েলথভুক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত তৃতীয় সভা গত সোমবার অনলাইনে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ‘প্রাইভেট সেক্টরে ডিজিটাল অ্যান্ড গ্রিন বিজনেস রিকভারির’ ওপর বক্তব্য প্রদানকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাইজেশনে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে দেশের অর্থনীতে ৯৮ শতাংশ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় দেশের ৬৫ শতাংশ মানুষ কাজ করছে। ডিজিটাল কমার্সের আওতায় এখন ১০০ কোটি ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সের মধ্যে অর্ধেক কাজ করছেন নারীরা। কভিড-১৯ পরিস্থিতিতেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এ সময় বাণিজ্যমন্ত্রী কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিভিটি ভাব গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পদক্ষেপ নেওয়ার প্রস্তাব পেশ করেন এবং এজন্য কমনওয়েলথকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে বলে মত প্রকাশ করেন।