আগামী দিনগুলোয় বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে এক মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার দুই দেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় এবং আইসিটিসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমেছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি খাতে ভারতের বিনিয়োগ বেড়েছে। বর্তমানে দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। বাংলাদেশ-ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন জেলা পর্যায়ে আইটি বা হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষণ দেওয়া হবে।