পাপুলের স্ত্রী ও মেয়েকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তার মেয়ে ওয়াফা ইসলামের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার তাদের সম্পদের হিসাব চেয়ে আলাদা নোটিস দেওয়া হয়। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রণব কুমার জানান, দুদক পরিচালক আকতার হোসেনের স্বাক্ষর করা নোটিসে সেলিনা ও ওয়াফার নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তাতে বলা হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন।

অর্থ ও মানব পাচারের অভিযোগে পাপুল গ্রেপ্তার হওয়ার পর কুয়েতের কারাগারে আছেন।