নীলফামারীর ডোমারে চলন্ত ইজিবাইকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতের এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে পুলিশ অভিযুক্ত উপজেলার মফিজপাড়া গ্রামের ইউনুস আলী (৪৮) এবং ইজিবাইক চালক একই গ্রামের কামাল ইসলামকে (২০) গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, সোমবার বিকেল ৪টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি মুন্সীপাড়াস্থ শ্বশুরবাড়ি থেকে ইজিবাইকে চড়ে ওই গৃহবধূ ডোমার রেলওয়ে স্টেশনে আসেন বাবার বাড়ি নওগাঁর শান্তাহারে যাওয়ার জন্য। স্টেশনে এসে তিনি ট্রেনের খোঁজ নেওয়ার জন্য ইজিবাইক চালক কালামকে পাঠান। কাউন্টার থেকে ফিরে কামাল জানান রাত সাড়ে ৮টার দিকে শান্তাহারে যাওয়ার ট্রেন আসবে। সন্ধ্যা ৬টার দিকে ওই নারী কাউন্টারে গিয়ে টিকিট চাইলে তাকে জানানো হয় রাতে শান্তাহারের ট্রেন নেই। পরে তিনি বাড়ি ফিরতে একই ইজিবাইকে ওঠেন। এ সময় ইজিবাইক চালক তার সহযোগী ইউনুসকে সঙ্গে নিয়ে ডোমার-আমাবাড়ির নির্জন সড়ক ধরে চিলাহাটির উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ইজিবাইকের ভেতরে তাকে ধর্ষণচেষ্টা করে অভিযুক্তরা। ভেলেঙ্গার ডারা নামক স্থানে রাস্তার পাশে একটি দোকানে লোকজন দেখে চিৎকার শুরু করেন ওই নারী। পরে এলাকাবাসী এসে অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেয়।
ডোমার থানার পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করি। এ ঘটনায় ভুক্তভোগী রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে।