ব্রিফিংয়ে কাদের

বিএনপি নেতাদের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে নয়, যদি নালিশ করতেই হয় তাহলে দেশের জনগণের কাছে নালিশ করুন। গতকাল বুধবার তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপির উদ্দেশে এ কথা বলোন তিনি।

আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে এ কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলে এবং সরকারে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চা তো জাতি দেখেছে।’

তিনি বলেন, ‘যাদের ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সঙ্গে প্রতারণা।

বিএনপির গণতন্ত্র হচ্ছে, রাতের বেলায় কারফিউ, আর নিজ দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়া। আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেওয়া।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চললেও তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র আর সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে ওঠে। বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য বলতে ‘হাওয়া ভবন’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ করে দুর্নীতি লালন-পালন ও বিকাশ কেন্দ্র।”

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না। তারা কীভাবে স্বাধীনতা রক্ষা করবে? বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়, তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা মেঘনা যমুনার তীরের মানুষ নয়। বিএনপি এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধু পরিবারের হাতে কোনো ভাঙা স্যুটকেস ছিল না, যা থেকে বড় বড় জাহাজ বেরিয়ে আসবে, ছিল শুধু জনগণের ভালোবাসা। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবার ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। ক্ষমতা ভাগাভাগি আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য, আর ভোগবিলাস, দুুর্নীতি, ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত।’