দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ফের বাড়ছে। ইতিমধ্যে দেশে সর্বমোট মৃত্যু সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। মৃতদের মধ্যে পাঁচ হাজারের বেশি রয়েছেন পুরুষ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট মৃত্যু দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১২ জন নারী। গতকাল পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করা মোট পুরুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭ এবং নারীর সংখ্যা ১ হাজার ৫১৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৭৫ ভাগ ও নারী ২৩ দশমিক ২৫ ভাগ।
এদিকে এদিন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২৯২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিন রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে আরেকটু কমেছে। ১৭ হাজারের বেশি পরীক্ষায় এদিন ১৩ দশমিক ৪৪ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। টানা পাঁচ দিন প্রায় ১৫ শতাংশ হারে রোগী শনাক্তের পর গত দুদিন ধরে সাড়ে ১৩ শতাংশ হারে রোগী শনাক্ত হচ্ছে।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৬৪তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন নতুন আরও একটি পরীক্ষাগার চালু হয়েছে। এ নিয়ে সারা দেশে ১১৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২টি। এসব পরীক্ষায় ২ হাজার ২৯২ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৪৪ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৭ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৭৪ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৫২৪ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৩ ও সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৯, চট্টগ্রাম ও রাজশাহীতে ৩ জন করে এবং রংপুরে ২ জন মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ২৫, ৫১-৬০ বছরের ৮, ৪১-৫০ বছরের ২, ৩১-৪০ বছরের ১ এবং ১১-২০ বছরের ছিল ১ জন। ৩৭ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৭৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ২৫০, খুলনায় ৪৯০, রাজশাহীতে ৪০০, রংপুরে ২৯৬, সিলেটে ২৬৪, বরিশালে ২১৫ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১৩২ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ রোগীকে আইসোলেশনে ও ১ হাজার ১০৪ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ৬০৪ ও কোয়ারেন্টাইনে আছে ৪০ হাজার ৫৮৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪২ হাজার ৭২৯টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪১৮টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৮৬১টিতে। বাকিগুলো খালি ছিল। এছাড়া ৫৫৫টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৬০টি।