স্ত্রীর কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ২২ দিনের সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক বাবার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীর বারাইহাট এলাকার ভোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সূর্য মহন্ত। পুলিশ তার মাদকাসক্ত বাবা সুবাস মহন্তকে (২৮) গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের সুনীল চন্দ্র মহন্তের ছেলে। প্রতিবেশীরা জানায়, সুবাস মহন্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কোনো কাজকর্ম করতেন না। প্রায় দুই বছর আগে অনামিকা মহন্তের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্ত্রীকে টাকার জন্য চাপ দিতেন সুবাস। টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীকে মারধরও করতেন। একইভাবে গত বুধবার সন্ধ্যায় স্ত্রী অনামিকার সঙ্গে ঝগড়াঝাঁটি করেন সুবাস। এরপর মারধরও করেন। বিষয়টি এলাকাবাসী অনামিকার বাবার বাড়িতে জানায়। গতকাল এ নিয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টার দিকে সুবাসের বাড়ির বন্ধ ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যায়। তারা ঘরের বেড়ার টিন খুলে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় নবজাতক সূর্য মহন্তকে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী শিশুটির মরদেহ উদ্ধার এবং আহত অবস্থায় তার মা অনামিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সময়ে এলাকাবাসী সুবাসকে আটক করে থানায় খবর দেয়। পরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার এবং সুবাস মহন্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার এবং ঘাতক সুবাস চন্দ্র মহন্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলাদা দুটি মামলা হবে। গ্রেপ্তার সুবাস চন্দ্র মহন্তকে জেলহাজতে পাঠানো হয়েছে। আর নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’