করোনাভাইরাসের প্রতিষেধকের অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব। নিজের দেশেও সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। কিন্তু তিনি নিজে কোনো প্রতিষেধক নেবেন না বলে জানিয়ে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দাবি, প্রতিষেধক না নেওয়ার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে গত বৃহস্পতিবার নিজের এই অবস্থান জানান বলসোনারো। পরে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সাফ জানিয়ে দিচ্ছি, আমি কোনো প্রতিষেধক নেব না। এটা আমার অধিকারের মধ্যে পড়ে।’
শুধু তাই নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংক্রমণ প্রতিরোধ করতে মাস্ক আদৌ সক্ষম কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
করোনার প্রকোপে মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। এখনো পর্যন্ত ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ। জুলাই মাসে বলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হন। তিনবার তার কভিড রিপোর্ট পজিটিভ আসে। তা সত্ত্বেও বারবার করোনা মহামারী নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তাকে।
করোনাকে তিনি বলেছেন, ছোটখাটো ফ্লু ছাড়া অন্য কিছু নয়, এ নিয়ে এত মাথাব্যথার কিছু নেই। ব্রাজিলের নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে খোলা নর্দমায় সাঁতার কাটলেও কিচ্ছু হবে না।
প্রতিষেধক যদি দিতেই হয়, তাহলে তার বাড়ির কুকুরকে দিতে হবে বলে অক্টোবর মাসে টুইটারেও লেখেন বলসোনারো। তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তাই বৃহস্পতিবার তার মন্তব্য সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশের প্রধান হিসেবে একেবারেই দায়িত্বজ্ঞানহীন বলে একমত সকলেই।