ভারতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

ভারতের গুজরাটে একটি হাসপাতালের কভিড-১৯ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা পাঁচ রোগী মারা গেছেন।

দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ নিয়ে হাসপাতালের কভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগার চতুর্থ ঘটনা এটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ভোররাতে গুজরাটের রাজকোট নগরীর বেসরকারি ওই হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই তিন রোগীর মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আইসিইউতে থাকা আরও দুই রোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সরকারি কর্মকর্তা উদিত আগারওয়াল জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গত আগস্টে গুজরাটের আহমেদাবাদে একটি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে ৮ কভিড-১৯ আক্রান্ত রোগী মারা যান।