আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন এলেই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মাঝে উন্নতমানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
করোনা গতি-প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনমূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বৈশ্বিক এ মহামারী সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একটি অশুভ মহল বৈশ্বিক মহামারীর এ মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা আরও সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পেছনে কারা আছে সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কি না সেটা তদন্তের পরে বেরিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়, কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।’
ওবায়দুল কাদের ডাক্তার মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গতকাল অভিনেতা আলী যাকেরের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ধানমন্ডি প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান।