রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি। তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অব্যাহত লোকসান দিচ্ছে। প্রতি বছর ভর্তুকি দিয়ে চালাতে হয়। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডক্যাশ দিয়ে, পরে পাটকলগুলো আধুনিকায়ন করে বেসরকারি খাতে দেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বেসরকারি পাটকলগুলো ভালো ব্যবসা করছে। ফলে গত বছর কৃষকরা প্রতি মণ পাটের দর দুই হাজার টাকা পেলেও এবার পেয়েছেন সাড়ে তিন হাজার টাকা। তারা লাভবান হচ্ছেন।
তিনি আরও বলেন, করোনাকালে অর্ডার বাতিল হওয়ায় তৈরি পোশাক খাতের মালিক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে সরকার ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়েও তারা ক্ষতির সম্মুখীন হলে সরকার পাশে থাকবে।
পরে মন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় নির্মাণাধীন শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।