মেয়ের বিয়েতে জামাইকে কত কিছুই তো দেয় মানুষ। সেসব ‘কমন’ পথে না হেঁটে পাকিস্তানের এক নারী তার মেয়ের বিয়েতে কালাশনিকভ রাইফেল উপহার দিয়েছেন!
এমন একটি ভিডিও সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে। আদিল আহসান নামের এক ব্যবহারকারী ২৫ নভেম্বর ভিডিওটি পোস্ট করেন। আদিল পাকিস্তানের করাচিতে থাকেন। টুইটারে নিজেকে তিনি সামা টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।
ভিডিওর শুরুতে দেখা গেছে, শাশুড়ি জামাইয়ের মাথা ধরে দোয়া করছেন। পরে আরেকজনকে ভয়ংকর এই অস্ত্রটি এনে দিতে বলে, নিজে সেটি হাতে তুলে দেন।
এসময় অতিথিরা চিৎকারে ফেটে পড়েন। বিষয়টি সবার কাছে গর্বের, এমন একটা উচ্ছ্বাস ভেসে আসে চারদিক থেকে।
কালাশনিকভ পৃথিবীর অন্যতম ভয়ংকর একটি আগ্নেয়াস্ত্র। চল্লিশের দশকে সে সময়কার সোভিয়েত ইউনিয়নের নকশাবিদ মিখাইল কালাশনিকভের কাছ থেকে বিশ্ববাসী পেয়েছিল ধ্রুপদি নকশার সহজলভ্য, শক্তিশালী আর পরিস্থিতির সঙ্গে মানানসই এই অস্ত্র।