আততায়ীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহ। গত শুক্রবার তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ নামে একটি শহরে হামলার শিকার হন তিনি। এ সময় তার গাড়িতে প্রথমে বোমা নিক্ষেপ, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি এ বিজ্ঞানীকে।
এখন পর্যন্ত কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে ইরানের দাবি, এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা কর্মকর্তাও একই কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হত্যার যোগ্য প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানি কর্মকর্তারা। এর আগে বেশ কয়েকবার তার ওপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হামলা চালানোর ঘটনা আছে।
পশ্চিমা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির উপায় নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করতেন বিজ্ঞানী ফখরিজাদেহ। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ফখরিজাদেহ। খুব একটা প্রকাশ্যে আসতেন না। সব সময় কড়া নিরাপত্তার মধ্যে অনেকটা অন্তরালেই বাস করতেন তিনি। এমনকি এ বিজ্ঞানীকে জাতিসংঘের পারমাণবিক তদন্ত কর্মকর্তাদের সামনেও কখনো আনেনি ইরান।
ইসরায়েল ইরানের আমাদ পরিকল্পনাকে গোপন পারমাণবিক অস্ত্র প্রকল্প হিসেবে বর্ণনা করেছে। ২০১৮ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদ পরিকল্পনার অন্যতম প্রধান হিসেবে মহসেন ফখরিজাদেহর নাম উল্লেখ করেন এবং বলেন, ‘তার নামটি মনে রাখবেন।’ নেতানিয়াহুর দাবি অনুসারে আমাদ বন্ধ হয়ে যাওয়ার পর ফখরিজাদেহ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থার ‘বিশেষ প্রকল্পে’ কাজ করতেন। ২০১৮ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা যেতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ফখরিজাদেহকে জিজ্ঞাসাবাদ করতে বহুদিন অপেক্ষা করেছে আইএইএ। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী হত্যার শিকার হওয়াটাই সম্ভবত তেহরানের এত গোপনীয়তা মেনে চলার অন্যতম কারণ। তাদের শঙ্কা ছিল, আইএইএ’র সঙ্গে আলাপ হলে ফখরিজাদেহর গোপন ঠিকানা ফাঁস হয়ে যেতে পারে।
ফখরিজাদেহ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এক সময় উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন। তার প্রতি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পূর্ণ সমর্থন ছিল বলে জানা যায়। গোপন সূত্রের মতে, মহসেন ফখরিজাদেহর তিনটি পাসপোর্ট ছিল এবং তিনি প্রচুর ভ্রমণ করতেন। বিশেষ করে, ‘সবশেষ তথ্য সংগ্রহে’ এ বিজ্ঞানী এশিয়ার বিভিন্ন দেশে যেতেন বলে দাবি করা হয়েছে।