বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ৫ পরীক্ষার্থী আটক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মৌখিক পরীক্ষা দিতে আসা ওই পাঁচজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা। আটকরা হলেনÑ নেত্রকোনার আটপাড়া উপজেলার গরমা গ্রামের মো. আল মামুন তালুকদার, ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা শিবপুর গ্রামের মো. হামিম, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাঘুটিয়া গ্রামের মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর গ্রামের মো. তাকরিম আহমেদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের বিরই গ্রামের মো. আনোয়ার হোসেন।

জানা গেছে, গত শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগের লিখিত পরীক্ষা রাজধানীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গতকাল এর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় ওই পরীক্ষার্থীদের আচরণ এবং প্রশ্নের প্রদানকৃত জবাবে পরীক্ষকগণের সন্দেহ হয়। এ সময় তাদের লিখিত পরীক্ষায় উত্তরকৃত বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেও তার জবাব তারা মৌখিক পরীক্ষার সময় দিতে ব্যর্থ হন। এ সময় বোর্ডের সদস্যগণ তাদের হাতের লেখা মিলিয়ে দেখেন যে উত্তরপত্রে উল্লিখিত হাতের লেখা তাদের নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করেন তারা।