চাঁদপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা।

রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী কর্ম বিরতি পালন করছেন তারা। নিজেদের দাবি আদায়ে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেওয়ান মাসুদ রহমান তার বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৮ ও ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।

চাঁদপুরের ৮ উপজেলায় সকল স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালন করছেন। আমরা চাই না আমাদের কর্মবিরতির কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হোক। তাই অচিরেই আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাফর আলী গাজী, চাঁদপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক সেক্টরাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন তালুকদার সদস্য মো. শাহ আলম প্রমুখ।