শিশু শান্তি পুরস্কার ২০২০

সাদাত রহমানকে নিজ বিদ্যালয়ে সংবর্ধনা

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০ প্রাপ্ত সাদাত রহমান সাকিবকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে’র সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, সাদাতের বাবা সাখায়াৎ হোসেন, মা মলিনা বেগম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রীস আহম্মদ প্রমুখ। এই বিদ্যালয় থেকে সাদাত রহমান ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত সাদাত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভের পেছনে আমার বিদ্যালয়ের শিক্ষক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতা না থাকলে হয়তো বিশ্ব দরবারে দেশের সম্মান বয়ে আনতে পারতাম না। সাদাত বর্তমানে নড়াইল আবদুল হাই সিটি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।