মির্জাপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকায় বংশাই নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদীর তীরবর্তী এলাকার মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পুষ্টকামুরী পূর্বপাড়ার (সওদাগর) নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে সঙ্গে নিয়ে একাব্বর হোসেন সেতুর ওপর স্থানীয়রা এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা সেখানে সড়ক অবরোধ করে।

এ সময় বক্তব্য দেন মির্জাপুর পৌরসভার কাউন্সিলর সাইজুদ্দিন, চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরব আলী, সহসভাপতি মাসুদ রানা মাসুম, উপজেলা মহিলা লীগ সভাপতি রওশনারা বেগম, বদরউদ্দিন লাভলু মিয়া প্রমুখ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতি বছর একটি চক্র শুকনো মৌসুমে ভেকু দিয়ে নদীপাড়ের মাটি কাটে এবং বর্ষায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলে। ফলে প্রতি বছর নদীভাঙনের কবলে পড়ে তীরবর্তী মানুষ। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, ওই এলাকার নদীভাঙন সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।