এলপিজির মূল্য নির্ধারণের প্রতিবেদন না দেওয়া

বিইআরসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

গণশুনানির মাধ্যমে এলপিজির (তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় বিইআরসির (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আদেশ অমান্য করায় বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং নির্দেশনা বাস্তবায়ন না  হওয়ায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। গতকাল রবিবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ সংক্রান্তে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৫ আগস্ট বিইআরসিকে গণশুনানির মাধ্যমে  এলপিজির দাম নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদেশের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিইআরসি সেটি প্রতিপালন করে আদালতে প্রতিবেদন দেয়নি।

রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে এলপিজি (সিলিন্ডার) গ্যাসের দাম কমছে না; বরং বেড়েই চলেছে। অথচ মূল্য নির্ধারণের জন্য কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু কমিশনের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনো কাজ করেনি। আদালতের নির্দেশ প্রতিপালন না করে তারা আদালত অবমাননা করেছে।