চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন। এক দিনের নেপাল সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নেপালের দৈনিক কাঠমান্ডু পোস্ট। তবে ওই প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। গতকাল রবিবার কাঠমান্ডু পোস্টের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,
বর্তমানে নেপাল সফররত ফেঙ্গি প্রেসিডেন্ট বিদ্যা দেবী এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ফেঙ্গি এমন সময় নেপাল সফরে যখন চীন-ভারত সীমান্ত দ্বন্দ্ব চরমে। সম্প্রতি নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এরই মধ্যে গত শুক্রবার নেপাল সফর শেষে দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তার এক দিন পরেই ফেঙ্গি নেপাল সফর করলেন।
গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দু’দিনের নেপাল সফরের পর এই প্রথম দেশটির সরকারের উচ্চপর্যায়ের কেউ কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গত শনিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার প্রতিদ্বন্দ্বী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ডের মধ্যে বৈঠকের পর দেশটি সফর করছেন ফেঙ্গি।