গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ২ জনকে সাজা

গাজীপুরে অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নকরণে অভিযানে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আটজনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদ।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম জানান, অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করে গ্যাস সংযোগ প্রদান করায় সদর উপজেলার মনিপুর বাজার, তালতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ সংযোগ প্রদানের হোতা ওই এলাকার মো. হাফিজুর রহমানকে ৩০ দিন এবং মো. মাঈনুদ্দিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এছাড়া ওই এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মো. রুবেলকে ৩০ হাজার, খাদিজা আক্তারকে ৭ হাজার, মো. আলমাসকে ২ হাজার, মো. আরসাদকে ২ হাজার, মো. শাহাদাৎ খাঁকে ২ হাজার, মো. কামাল হোসেনকে ২০ হাজার, মো. রইচ উদ্দিনকে ৩০ হাজার, মো. শাহীন কাজীকে ১ লাখ টাকাসহ মোট ১ লাখ ৯৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া ওই এলাকায় ৪টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের ছয় কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপলাইন অপসারণের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় এক হাজার দুইশ বাড়ির আনুমানিক দুই হাজার চারশ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাসের প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপব্যবস্থাপক প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ, প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।