চিকিৎসা খাতে ১২৮ কোটি টাকার জাপানি বিনিয়োগ

চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা বা ১ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে জাপানের বহুজাতিক কোম্পানি নিপ্রো করপোরেশন। এ উপলক্ষে নিপ্রো করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই ও দেশি প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের জেএমআই মার্কেটিংয়ের সঙ্গে গঠিত হয়েছে নতুন কোম্পানি নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড।

রাজধানীর বাংলা মোটরে গতকাল জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ প্রতিষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেএমআই গ্রুপ।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে তা রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। নিপ্রো এশিয়া পিটিইর ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও এ সময় বলেন, জেএমআই মানসম্মত পণ্য উৎপাদন করে আমাদের আস্থা অর্জন করেছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো নিপ্রো জেএমআই মার্কেটিংও পণ্যের গুণগত মান নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে আশা করছি।

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, করোনা মহামারীর মধ্যেও জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রোর নতুন বিনিয়োগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, জেএমআই আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন করছে। বাংলাদেশ ও জাপান যৌথ বিনিয়োগে গড়া নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতা, ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নতমানের পণ্য ব্যবহারের সুযোগ পাবেন।

জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে নিপ্রো করপোরেশন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পালসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন নিপ্রো জেএমআই কোম্পানির প্রোডাকশন বিভাগের সহকারী ব্যবস্থাপক সুগাওয়ারা নিকাও।