নিউজিল্যান্ডে আরো তিন পাকিস্তানি ক্রিকেটার কোভিড পজিটিভ

নিউজিল্যান্ড সফররত পাকিস্তান দলের আরো তিন ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।

নতুন করে সফররত পাকিস্তান দলের ৪৬ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। যেখানে নতুন তিন জনের পজিটিভ আসে।

সূচি অনুযায়ী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৮ ডিসেম্বর থেকে পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা। টি-টোয়েন্টি সিরিজ শেষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

১৮, ২০, ২২ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ২৬ ডিসেম্বর থেকে শুরু দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। কিন্তু পরো সফরই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে।

সিরিজে অংশ নিতে ২৪ নভেম্বর নিউজিল্যান্ডে পৌঁছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রাইস্টচার্চের হোটেলে জৈব সুরক্ষার বলয়ে রাখা হয় ক্রিকেটারদের। নিয়ম অনুযায়ী প্রতি ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। প্রথমে ছয় ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ হয়। তাদেরকে আলাদা হোটেলে আইসোলেশনে রাখা হয়।

এরপর গত শনিবার আরো এক পাকিস্তানি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সবশেষ মঙ্গলবারের পরীক্ষায় পজিটিভ হলেন আরো তিন ক্রিকেটার।

করোনা আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটারদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড প্রশাসন।