গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজাকে নিয়ে নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতীয় অলরাউন্ডার যা নিয়ে সোশ্যল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। সেই বিতর্কের জেরে মাঞ্জরেকারকে বিসিসিআইয়ের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়তে হয়।
অবশেষে অস্ট্রেলিয়া-ভারত চলতি সিরিজেই কমেন্ট্রি প্যানেলে ফিরেছেন মাঞ্জরেকার। আর ফিরেই ভারতের সাবেক এই ক্রিকেটার ফের মুখ খুললেন জাদেজা ও ধারাভাষ্যকার প্যানেল থেকে নিজের বাদ পড়া প্রসঙ্গে।
দ্য হিন্দুকে মাঞ্জরেকার জানান যে, জাদেজার সঙ্গে তার কোনো বিবাদ নেই। তবে ওই ধরনের ক্রিকেটারদের তিনি সীমিত ওভারের ক্রিকেটে দেখতে চান না। এমনকি হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকেও তিনি নিজের দলে রাখতে পছন্দ করবেন না।
মাঞ্জরেকার বলেন, ‘এত বছর ধরে নিজের অভিজ্ঞতা দিয়ে যা শিখেছি, আমার নির্বাচন এবং ভাবনা-চিন্তা তার উপর ভিত্তি করেই। যদি তোমার কাছে বিশেষজ্ঞ থাকে, তবে তাদেরকেই দলে রাখা উচিত। জাদেজাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে সাদা বলের ক্রিকেটে ওর মতো ক্রিকেটারদের নিয়ে আমার অসুবিধা আছে।’
তিনি আরো বলেন, ‘এমন কি হার্দিক পান্ডিয়াও আমার দলে থাকবে না। ওই ধরনের ক্রিকেটারদের উপস্থিতি দলের মধ্যে একটা বিভ্রান্তিকর মূল্যবোধ তৈরি করে।’
ধারাভাষ্য প্যানেল থেকে নিজের বাদ পড়া প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘অনেকেই জানেন না যে আমি আগেও বাদ পড়েছিলাম। এবার আমি টুইট করেছিলাম। এটার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে আমি নিজের চামড়া মোটা করে নিয়েছি।’