দুর্গম এলাকায় টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ি এলাকাসহ দেশের শতভাগ টেলিসেবার আওতায় আনতে হবে। যেখানে বেসরকারি প্রতিষ্ঠান যেতে পারে না, সেখানে যেতে হবে। এছাড়া বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে ইন্টারনেটের ব্যান্ডউইডথ কেনার খবরে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
গতকাল মঙ্গলবার একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন হিসেবে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেনসে বৈঠকে সংযুক্ত হন তিনি। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। তিনি এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। সাধারণত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক বৈঠক শেষে ব্রিফিং করে থাকেন। তার অসুস্থতাজনিত অনুপস্থিতিতে পরিকল্পনা কমিশনের সদস্য সরকারের সিনিয়র সচিব আসাদুল ইসলাম গত কয়েকটি একনেক বৈঠক শেষে ব্রিফিং করছিলেন। গত সপ্তাহ থেকে তিনিও অসুস্থ রয়েছেন।
একনেক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ইতিমধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব, ভারত, নেপাল ও ভুটান ব্যান্ডউইডথ কেনার আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিফিংয়ে ড. শামসুল আলম আরও বলেন, ‘দেশে ব্যান্ডউইডথের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এছাড়া আগামী ২০২৫ সালে একটি সাবমেরিন কেব্ল অকেজো হয়ে যাবে। সে বিবেচনায় এটি একটি সময়োপযোগী প্রকল্প। তিন হাজার ৩১৪ কোটি টাকা ব্যয়ে ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়। টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।’
বৈঠকে উন্নয়ন প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে খেয়ালখুশি মতো পণ্যের দরের নির্ধারিত তালিকা (রেট শিডিউল) পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রেট শিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে আগাম অবহিত করতে হবে। প্রকল্প ব্যয়ে অপচয় এবং দুর্নীতি রোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে ড. শামসুল আলম বলেন, ‘নরসিংদী জেলার অন্তর্গত আড়িয়াল খাঁসহ কয়েকটি নদনদী পুনঃখনন প্রকল্প প্রসঙ্গে রেট শিডিউল পরিবর্তনের এই অনুশাসন দেন প্রধানমন্ত্রী। সংশোধিত এই প্রকল্পটিতে ব্যয় বেড়েছে ৮০ শতাংশ। এছাড়া স্থানীয় সরকারের বরাদ্দ যথাযথ ব্যবহার হচ্ছে কি-না সেটি তদারকিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বৈঠকে উপস্থিত ছিলেন।