বিজয় দিবস উদ্যাপন

ঘরোয়া অনুষ্ঠানের কথাও পুলিশকে জানাতে হবে

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চাইলে যে কেউ করতে পারবে। তবে এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম জানাতে হবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়নকল্পে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিজয় দিবসে নিজেরা কিছু করতে চাইলে নিরাপত্তা বাহিনীকে জানিয়ে করতে হবে। আমরা সবাইকে অনুরোধ করব, স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসটি পালন করতে। আজ (গতকাল) সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মহামারী কভিড-১৯ এর কারণে সারা বিশ্ব আতঙ্কিত। তারপরও বাংলাদেশের জনগণ কোনো কিছু হলেই রাস্তায় বেরিয়ে আসে, এটা আমাদের স্বভাব। আমরা শত চেষ্টা করেও তাদের ঘরমুখী করতে পারছি না। সেজন্য আমাদের আশঙ্কা মহান বিজয় দিবসের দিন লোকজন ঘরে থাকবে না। লোকজন বেরিয়ে আসবে। তখন তাদের কীভাবে নিরাপত্তা দেব, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’ 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে যারা ঘরোয়া অনুষ্ঠান করতে চান, তারা করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, তবে সে বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগেই জানাতে হবে। অনুষ্ঠানটি কারা, কোথায়, কীভাবে, কতজনকে নিয়ে করছে এবং কারা কারা সে অনুষ্ঠানে থাকবে এসব আগেই জানাতে হবে। অনুষ্ঠানগুলোতে যাতে কেউ কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সারা দেশে আমাদের গোয়েন্দারা সক্রিয় থাকবে, পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তাবাহিনী কাজ করবে।

বিজয় দিবস উপলক্ষে সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী সঠিক মাপ ও নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পতাকার রং, মাপটা যেন সঠিক হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা-উপজেলায় তোপধ্বনি হবে নিয়ম অনুযায়ী। বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা হবে, যে যেভাবে চায়, করতে পারবে। অনুষ্ঠান সফল করার জন্য ইউটিলিটি সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলো ইউনিট আকারে সহযোগিতা করবে। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রতিবার যেভাবে নেওয়া হয়, সেভাবেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এছাড়া বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের যারা যারা স্মৃতিসৌধে যাবেন, তাদের জন্য প্রতিবারের মতো এবারও যথাযথ নিরাপত্তব্যবস্থা নেওয়া হবে। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোসহ আলোকসজ্জা থাকবে। ঢাকা থেকে সাভার যাওয়ার সব রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া হবে। দেশের যে-কোনো উপাসনালয় যেমন মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডাতে বিশেষ প্রার্থনা ও মোনাজাত হবে। মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও সমৃদ্ধি কমনা করা হবে। একই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রম, এতিমখানা, কারাগার, হাসপাতালগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।