করোনা টিকার পরীক্ষা

আইসিডিডিআর,বির সঙ্গে চুক্তি বাতিল গ্লোব বায়োটেকের

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সঙ্গে করোনা টিকার মানবদেহে পরীক্ষার চুক্তি বাতিল করেছে দেশের গ্লোব বায়োটেক ফার্মাসিউটিক্যালস। গত সোমবার প্রতিষ্ঠানটি আইসিডিডিআর,বিকে চুক্তি বাতিলের চিঠি পাঠিয়েছে।

আইসিডিডিআর,বির পরিবর্তে গ্লোব বায়োটেক এখন তাদের করোনা টিকা ‘ব্যানকভিড’ দেশের নিবন্ধিত অন্য কোনো কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনের (সিআরও) মাধ্যমে করবে। সে ক্ষেত্রে ‘সিআরও বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠানের সঙ্গেই পরীক্ষার চুক্তি হতে পারে বলে গ্লোব বায়োটেকের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, এ ব্যাপারে সিআরও বাংলাদেশের সঙ্গে শিগগির নতুন চুক্তি হতে পারে। সিআরও বাংলাদেশ বর্তমানে গ্লোব বায়োটেকের অন্যান্য পণ্যের পরীক্ষা করছে।

এ ব্যাপারে গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, চুক্তির এক সপ্তাহের মধ্যে টিকা পরীক্ষার প্রটোকল আইসিডিডিআর,বির বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) জমা দেওয়ার কথা এবং চুক্তির শর্ত অনুযায়ী ৩০ দিনের মধ্যে মানবদেহে টিকার পরীক্ষা শুরুর করার কথা। কিন্তু চুক্তি স্বাক্ষরের প্রায় দেড় মাস পরও আইসিডিডিআর,বি এ বিষয়ে কাজ শুরু করেনি। গত ১৪ অক্টোবর আইসিডিডিআর,বির সঙ্গে গ্লোবের চুক্তি হয়। তারা গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ব্যানকভিডের সিআরও হিসেবে কাজ করবে।

গ্লোব বায়োটেকের কর্মকর্তারা জানান, পরীক্ষার প্রটোকল তৈরি থেকে শুরু করে সবকিছু গ্লোব বায়োটেক করেছে। চুক্তির পর আইসিডিডিআর,বির কিছুই করেনি। অথচ এ তিন মাসে প্রায় নয়টির মতো মিটিং হয়েছে। কিন্তু টিকা পরীক্ষার শুরুর কোনো অগ্রগতি নেই। এমনকি তারা বিএমআরসিতে প্রটোকলটিও জমা দেয়নি। ফলে গ্লোব বায়োটেক চুক্তি বাতিল করেছে।

ডা. আসিফ মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ব্যানকভিড টিকা পরীক্ষার জন্য আমরা নতুন সিআরও খুঁজছি। বাংলাদেশে মানবদেহে জীবনরক্ষাকারী ওষুধ ও টিকা পরীক্ষা করে এমন সরকারি নিবন্ধিত ৯-১০টি সিআরও প্রতিষ্ঠান আছে। গ্লোব বায়োটেকের বিভিন্ন পণ্যের পরীক্ষা দেশের সিআরও করছে। সুতরাং অসুবিধা হবে না। আশা করছি এক সপ্তাহের মধ্যে চুক্তি হবে।

এই কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের অফিসে ব্যানকভিডের তৃতীয় ধাপের ট্রায়াল বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এবং স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় সচিব পরীক্ষায় সরকারের আইইডিসিআরকে রাখার পরামর্শ দেন। সে অনুযায়ী আইইডিসিআরের তত্ত্বাবধানে নতুন কোনো সিআরও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে গ্লোব বায়োটেক। বিএমআরসিতে পরীক্ষার প্রটোকল জমা দেবে।

চুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আইসিডিডিআর,বি কর্র্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির গণসংযোগ বিভাগে ফোন দিলে এ ব্যাপারে আইসিডিডিআর,বির এই মুহূর্তে কোনো বক্তব্য নেই বলে জানানো হয়েছে।