১৯১ রানের পুঁজি নিয়েও হেরে গেল দক্ষিণ আফ্রিকা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৯১ রানের পুঁজি গড়েও শেষ রক্ষা হলো না দক্ষিণ আফ্রিকার। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে হতে হলো হোয়াইটওয়াশ।

মঙ্গলবার কেপ টাউনে অনুষ্ঠিত ম্যাচে ডেভিড মালান ও জস বাটলারের ১৬৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় ইংলিশরা।

১৯২ রান তাড়া করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয় ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর মালান ও বাটলার মিলে তাণ্ডব চালান প্রোটিয়া বোলারদের ওপর।

দুজনে মিলে মেরেছেন ১৪ চার ও ১০ ছক্কা। তাতে ১৪ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয়ে যায় ইংলিশদের।

মালান ৪৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৯ রানে অপরাজিত থাকেন। বাটলার ৪৬ বলে অপরাজিত ৬৭ রান করেন। ৩ চারের সঙ্গে ৫টি ছক্কায় হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে ভন ডার ডুসেন অপরাজিত ৭৪, ফ্যাফ ডু প্লেসিসের অপরাজিত ৫০ রানে ৩ উইকেটে ১৯১ রানের পুঁজি গড়েছিল প্রোটিয়ারা। ৬৪ রানে ৩ উইকেট পতনের পর ডুসেন ও ডু প্লেসিস মিলে ৬৪ বলে যোগ করেন ১২৭ রান। ম্যাচসেরা ও সিরিজ হয়েছেন ইংল্যান্ডের মালান।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। শুক্রবার একই ভেন্যুতে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা

১৯১-৩ (২০ ওভার): ভন ডার ডুসেন ৭৪*(৩২), ডু প্লেসিস ৫২* (৩৭); স্টোকস ২-২৬

ইংল্যান্ড

১৯২-১ (১৭.৪ ওভার): মালান ৯৯*(৪৭), বাটলার ৬৭*(৪৭); নর্তিয়ে ১-৩৭

ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ইংল্যান্ড ৩-০ তে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মালান (ইংল্যান্ড)

ম্যান অব দ্য সিরিজ: ডেভিড মালান (ইংল্যান্ড)।