কলমকান্দায় তিন লাখ টাকার ভারতীয় কসমেটিক জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় ৩ লাখ টাকার ভারতীয় কসমেটিক ও নীল রংয়ের পিকআপভ্যান জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে আটক তিনজনকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

আটকরা হলেন- নেত্রকোনার আটপাড়া উপজেলার গাগড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে মাজাহারুল ইসলাম (২৬), সদর উপজেলার পৌর শহরের সাতপাই এলাকার শ্রী জীবন সরকারের ছেলে প্রিন্স সরকার (২৬) এবং শিবগঞ্জের পিকআপ চালক মো. আতিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০)।

বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন রাস্তার মোড় এলাকায় নিয়মিত টহলের দায়িত্ব পালন করছিলেন।

এ সময় একটি নীল রংয়ের পিকআপকে সন্দেহ করে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য দেখতে পায় পুলিশ।

পরে পিকআপের চালকসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আনুমানিক তিন লাখ দুই হাজার ৭৮২ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকসহ পিক-আপটি জব্দ দেখিয়ে উপ-পরিদর্শক সুলতান আহমেদ নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক দেশ রূপান্তরকে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত পিকআপ ও ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানান।